নোয়াখালীতে ‘মাদক কারবারিদের’ হামলায় স্কুলছাত্র নিহত
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন ফাহিম (১৫) পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহানের ছেলে। বেড়াতে এসে নানাবাড়িতে অবস্থান করছিলেন তিনি।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় হারুন ও তার সহযোগীরা ফাহিমের নানাবাড়ির আঙিনা ও আশপাশের সড়ক ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজন হারুন ও তার সহযোগীদের মাদক সেবন করতে দেখে সেখান থেকে তাড়িয়ে দেন।
এর জেরে রাতে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বাড়িটিতে হামলা চালায়। হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে অন্ধকারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ফাহিম, স্থানীয় যুবক শাকিব ও রিফাতসহ হামলাকারী হারুন গুরুতরভাবে আহত হন।
পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে স্কুলছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মতামত দিন