Views Bangladesh Logo

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, একজনের মরদেহ উদ্ধার

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর শিক্ষার্থীর খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট-ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে ডুবুরি দলের সদস্যরা প্রভাত সরকার (১৫)-এর মরদেহ উদ্ধার করেন। তিনি গাজীপুর সদর উপজেলার বাসিন্দা। নিখোঁজ রয়েছেন বিনয় রায় (১৫), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, উদ্ধার করা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোর স্বল্পতার কারণে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হলেও বুধবার সকাল থেকে আবারও নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা এলাকায় গোসলে নামলে প্রবল স্রোতে তারা তলিয়ে যায়।

স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার বিকেলে প্রভাতের মরদেহ উদ্ধার হলেও বিনয় রায়ের সন্ধান এখনো মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ