Views Bangladesh Logo

রাস্তার বিরোধ মেটানোর বৈঠকে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা নিয়ে বিরোধের সমঝোতা বৈঠকে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।

নিহত মনোরঞ্জন রায়ের বয়স ৫৫ বছর। তিনি পাশের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর গ্রামের বাসিন্দা এবং পার্বতীপুরের সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

আটক আসাদুজ্জামানের বয়স ৩২ বছর। তিনি মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মোল্লাপাড়া গ্রামে প্রয়াত আজিজুল মাস্টারের বসতবাড়ি-সংলগ্ন রাস্তা নিয়ে আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। রোববার দুপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধ মেটাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক বসে। এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মনোরঞ্জন রায়।

বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মনোরঞ্জন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আসাদুজ্জামান ও তাঁর লোকজন লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটান। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আব্দুল ওয়াদুদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদুজ্জামানকে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ