সিঁধ কেটে ঘরে ঢুকে ‘শ্বাসরোধে হত্যা’, সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের বাসিন্দা ও চাচকিয়া ব্র্যাক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় কর্মরত।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় গীতা রানী টের পেয়ে বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ বাড়ির পাশের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সকালে স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
মতামত দিন