লক্ষ্মীপুরে স্কুলের আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।
মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৬ জুন) বিকালে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে রাত ৮টার পর থেকে স্কুলটির সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত লোকজন ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পুলিশ নিহতদের মরদহে উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদঘাটন করবে। সেই পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বন জানান তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে হত্যা করা হয়েছে দাবি করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
মতামত দিন