Views Bangladesh Logo

‘শ্রাবণের মেঘগুলো’: প্রতিবাদে এবার শ্রেণিকক্ষে বর্ষার গান-কবিতার বিশেষ ক্লাস

শিক্ষক বিউটি রাণী পালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কের প্রতিবাদে এবার শ্রেণিকক্ষে বর্ষার গান ও কবিতা নিয়ে বিশেষ ক্লাসের আয়োজন করেছে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

বুধবারের (২৯ জুলাই) পাঠদান সূচিতে ‘বর্ষার গান ও কবিতা’ শীর্ষক বিশেষ ক্লাস যুক্ত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের মননশীলতা, সাহিত্য-সংস্কৃতিচর্চা এবং শালীন প্রতিবাদের ইতিবাচক দিক তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক নাহিদা শাফিনাজ জানান, শিক্ষার্থীদের বর্ষার গান শিখে আসতে বলা হয়েছে। পাশাপাশি বর্ষা নিয়ে নিজেদের লেখা কিংবা কবিদের জনপ্রিয় কবিতা আবৃত্তির প্রস্তুতি নিয়েও শ্রেণিকক্ষে অংশ নিতে বলা হয়েছে।

সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে তৈরি ওই ভিডিওকে কেন্দ্র করে তিনি অনলাইনে ব্যাপক ট্রলের শিকার হন।

এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা একই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংহতি প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার শ্রেণিকক্ষে গান, কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মতপ্রকাশের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ