Views Bangladesh Logo

২০২৭ শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে: ববি হাজ্জাজ

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই দেশের সব স্কুলে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। চলমান পরীক্ষামূলক কর্মসূচির ফলাফল সন্তোষজনক থাকলে বছরের শুরু থেকেই এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে পাইলট কর্মসূচিতে নতুন কোনো ত্রুটি বা ঘাটতি ধরা পড়লে বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রেও ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়া ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতেই দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। দিনাজপুরে চলমান পাইলটিং কর্মসূচি নিয়ে সোমবার একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কর্মশালায় কর্মসূচির অগ্রগতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল বর্তমান ধারায় ইতিবাচক থাকলে ২০২৭ সালের শুরু থেকেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। তবে পাইলটিংয়ে কোনো নতুন সমস্যা চিহ্নিত হলে তা সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে বছরের শুরুতে কার্যক্রম শুরু করা সম্ভব না হলেও ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালুর বিষয়ে সরকার আশাবাদী।

দেশে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থী কমছে না বাড়ছে, সেটিই সরকারের প্রধান উদ্বেগের বিষয় নয়। সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি শিশু যেন বিদ্যালয়ে যায় এবং মানসম্মত শিক্ষা পায়। কোনো শিশু কোথায় শিক্ষা নিচ্ছে, তার চেয়ে সে যথাযথ শিক্ষা পাচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলো যেন যথাযথভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন।

সরকারের ভূমিকা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সরকার সব ধরনের সেবা নিজে দেওয়ার প্রতিষ্ঠান নয়। বরং দেশের প্রতিটি নাগরিক প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। কোনো ক্ষেত্রে বেসরকারি বা অন্য কোনো ব্যবস্থায় মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো সম্ভব না হলে সেখানে সরকারকে সরাসরি দায়িত্ব নিতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ