Views Bangladesh Logo

স্কুলে ভর্তি পরীক্ষা হবে ‘নামমাত্র’, কোচিংয়ের প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি পরীক্ষাকে ঘিরে কোচিং নির্ভরতা নিয়ে অভিভাবকদের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই পরীক্ষা হবে ‘নামমাত্র’ এবং এর জন্য কোচিং সেন্টারের ওপর নির্ভর করার প্রয়োজন হবে না।

তিনি বলেন, ক্যাচমেন্ট এরিয়া এবং সহজ পরীক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করা হবে, যাতে সব শ্রেণির শিক্ষার্থী সমানভাবে সুযোগ পায়। ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার ঘোষণার পর থেকেই অনেক অভিভাবক সন্তানদের কোচিংয়ে পাঠানো শুরু করেছেন বলে জানা গেছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের প্রস্তুতির প্রয়োজনীয়তা নেই।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, অতিবৃষ্টি বা বন্যার মতো পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রশ্নপত্র আগেই পৌঁছে দেওয়া হবে যাতে পরীক্ষায় বিঘ্ন না ঘটে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ