যাত্রীর খাবারে জীবিত ইঁদুর, জরুরি অবতরণ করল বিমান
নরওয়ের অসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার পথে জরুরি অবতরণ করতে বাধ্য হলো স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইট। বিমানের সরবরাহ করা খাবারে একজন যাত্রী জীবন্ত ইঁদুর খুঁজে পাওয়ার পর ফ্লাইটটি ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
গত বুধবার স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের বিমানে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীর খাবারে জীবিত ইঁদুর পাওয়ার পর বিমানের গতিপথ পাল্টে কোপেনহেগেনে অবতরণ করা হয়। এসএএসর মুখপাত্র অয়েস্টেইন স্মিথ বলেছেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোপেনহেগেনে ফ্লাইটটি অবতরণ করার পর ইঁদুরের খোঁজে বিমানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
এতে আরও বলা হয়েছে, সাধারণত বিমানের ফ্লাইটে ইঁদুরের উপস্থিতির বিষয়ে কঠোর বিধি-নিষেধ থাকে। কারণ বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে ফেলতে পারে ইঁদুর।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একজন যাত্রী অয়েস্টেইন স্মিথ। সেই পোস্ট তিনি লিখেন, বিশ্বাস করুন অথবা না করুন। এসএএসের ফ্লাইটে আমার পাশে বসা এক নারী তার খাবারের প্যাকেট খোলা মাত্রই একটি ইঁদুর লাফিয়ে পড়ল। এখন আমাদের ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইট পরিবর্তনের জন্য আমরা কোপেনহেগেন বিমানবন্দরে অবতরণ করেছি।
স্মিথ বলেন, ইঁদুর যাতে শরীরে উঠতে না পারে সেজন্য পায়ের মোজা প্যান্টের ওপরে টেনে দিয়েছেন তিনি। এই ঘটনা সত্ত্বেও ব্মিানের অন্য যাত্রীদের মাঝে কোনও ধরনের চাপের লক্ষণ দেখা যায়নি। বরং তারা শান্তভাবে ছিলেন বলে জানিয়েছেন তিনি।
বিবিসির খবরে জানা গেছ, কোপেনহেগেন বিমানবন্দরে জরুরি অবতরণের পরে ওই ফ্লাইটটির যাত্রীদের নতুন একটি ফ্লাইটে করে স্পেনের মালাগায় পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে