কর্মকর্তা সেজে প্রতারণা: বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের প্রতারণা থেকে দূরে থাকতে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে টাকার বিনিময়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার প্রলোভন দেখানোর ঘটনা সামনে আসায় এই সতর্কতা জারি করা হয়।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে বিস্তারিত জানায় হাইকমিশন।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রতারকরা নিজেদেরকে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা টাকার বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
বিষয়টি স্পষ্ট করে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না। এমনকি এই সংক্রান্ত কাজের জন্য কোনো অর্থও দাবি করেন না। ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়।
এই পরিস্থিতিতে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে অচেনা বা অপরিচিত কারও কাছে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাব কিংবা যেকোনো ধরনের আর্থিক তথ্য শেয়ার না করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, কেউ যদি এ ধরনের কোনো প্রতারণা বা প্রতারণার চেষ্টার মুখোমুখি হন, তবে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগ দায়েরের সময় সংশ্লিষ্ট ফোন নম্বর, বার্তা বা স্ক্রিনশটসহ প্রয়োজনীয় প্রমাণাদি visa.dhaka@mea.gov.in ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি, এই ধরনের প্রতারণা প্রতিরোধে সাধারণ মানুষকে নিজেরা সচেতন থাকার এবং অন্য সবাইকে সতর্ক রাখার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
মতামত দিন