২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে আরও চার বছর থাকছেন লিওনেল স্কালোনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সবকিছু চূড়ান্ত হলে আর্জেন্টিনার ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা তিনটি বিশ্বকাপে দলকে পরিচালনার সুযোগ পাবেন তিনি।
নতুন চুক্তির বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের কোচিং স্টাফ ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্তে পৌঁছেছেন। দুই পক্ষের মধ্যে দ্রুত সমঝোতা হয়েছে বলেও জানান বিশ্বকাপজয়ী এই কোচ।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তাঁর অধীনেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করে লিওনেল মেসির দল। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।
স্কালোনির অধীনে দলটি আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার সুযোগ হারায় তারা। বিশ্বকাপের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই আর্জেন্টাইন কোচ।
চুক্তি নবায়নের সিদ্ধান্তে সমর্থকদের ভালোবাসাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন স্কালোনি। নিজের জন্মস্থান আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতোয় গিয়ে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে।
স্কালোনি বলেন, সমর্থকদের আবেগ ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। জাতীয় দলকে খেলতে দেখে সমর্থকেরা যে আনন্দ পান, ভবিষ্যতেও সেই আনন্দ ধরে রাখতে চান তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনের মতো এখনো তাঁর মধ্যে একই উদ্দীপনা ও কাজ করার আগ্রহ রয়েছে বলেও জানান।
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া চুক্তি নবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, আর্জেন্টাইন ফুটবলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। জাতীয় দলের সঙ্গে স্কালোনির কাজ চালিয়ে যাওয়ার বিষয়টি সবাই প্রত্যাশা করছিলেন।
উল্লেখ্য, স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। নতুন চুক্তি কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে এই বিশ্বকাপজয়ী কোচকে।
মতামত দিন