২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চাওয়া শিশুভক্তের ‘চুক্তিপত্রে’ স্বাক্ষর স্কালোনির
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে দেখতে চাওয়া এক শিশুভক্তের হাতে তৈরি ‘চুক্তিপত্রে’ স্বাক্ষর করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে, যেখানে বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিদিনই শত শত সমর্থক স্কালোনির সঙ্গে দেখা করতে ভিড় করছেন। তাদের মধ্যেই ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক শিশু ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’ লেখা একটি কাগজ নিয়ে হাজির হয়। স্কালোনি হাসিমুখে সেই কাগজে স্বাক্ষর করেন।
পরে শিশুটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার উদ্দেশে একটি ভিডিওবার্তা দেয়। সেখানে সে বলে, ‘এবার আপনার পালা’, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্কালোনির সঙ্গে নতুন চুক্তি করার আহ্বান জানায়।
ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি বলেছিলেন, বর্তমান চুক্তি অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও শিশুটির ‘চুক্তিপত্রে’ স্বাক্ষরের ঘটনাটি প্রতীকী এবং এর কোনো আনুষ্ঠানিক বা আইনি ভিত্তি নেই, তবুও এটি আর্জেন্টাইন সমর্থকদের কাছে প্রিয় কোচকে আরও দীর্ঘ সময় জাতীয় দলের দায়িত্বে দেখতে চাওয়ার আবেগেরই প্রকাশ।
মতামত দিন