৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
পাঁচটি পৃথক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, তার বিরুদ্ধে আরও দুটি মামলা থাকায় তিনি এখনই কারামুক্ত হচ্ছেন না।
এর আগে গত ৮ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ চারটি মামলায় তাকে জামিন দেয়। পরে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেকটি মামলায়ও তিনি জামিন পান। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
তবে এ সময়ের মধ্যে নিম্ন আদালতে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকার যাত্রাবাড়ীতে এক যুবদলকর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের সময় হত্যার অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি প্লট জালিয়াতি মামলা।
মামলাগুলো বিভিন্ন সময়ে দায়ের করা হয় ঢাকার শাহবাগ, নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায়।
তিনি ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে অবসরে যান। পরবর্তীতে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে