ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা খারিজের রায় বহাল
নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপক্ষের আপিলের অনুমতিও প্রত্যাখ্যান করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ। ফলে দীর্ঘদিন ধরে চলমান মামলাটির আইনি কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
২০১০ সালে হওয়া মামলাটিতে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়েছিল। ২০১১ সালে মামলাটি বাতিলে হাইকোর্টে আপিল করেন তিনি। ২০২৩ সালের ২৪ অক্টোবর তার পক্ষে রায় দিয়ে মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের অনুমতি চেয়ে আবেদন জানান রাষ্ট্রপক্ষ। ২ জুলাই প্রাথমিক শুনানি শেষে ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটির শুনানির দিন ধার্য করেন চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন তৌফিক হোসেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. ইউনূস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে