Views Bangladesh Logo

সাভারে এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তবে, তিনি রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ