সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল পশ্চিমবঙ্গ সরকার
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ব্যবস্থায় রদবদল এনেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সাম্প্রতিক নিরাপত্তা পর্যালোচনার পর তার নিরাপত্তার স্তর ‘জেড’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘ওয়াই’ ক্যাটাগরিতে আনা হয়েছে।
রাজ্যে ক্ষমতার পালাবদলের আগে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সৌরভ। এই স্তরে সাধারণত প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী থাকেন, যাদের মধ্যে কমান্ডো ও পাইলট গাড়িও অন্তর্ভুক্ত। তবে শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসার পর তার নিরাপত্তা নামিয়ে আনা হয়েছে ‘ওয়াই’ স্তরে, যেখানে সাধারণত ৩-৪ জন কর্মী দায়িত্বে থাকেন এবং তাদের মধ্যে দুজন সশস্ত্র। ফলে আগের তুলনায় সৌরভের নিরাপত্তায় নিয়োজিত কর্মীর সংখ্যা অনেকটাই কমেছে।
রাজ্য সরকার বলছে, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, শিল্পপতি, ক্রীড়াবিদসহ অন্যান্য ভিআইপির নিরাপত্তা সময় অন্তর পুনর্মূল্যায়ন করা হয় এবং প্রকৃত ঝুঁকি বিচার করেই স্তর নির্ধারণ করা হয়।
রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তা প্রদান নিয়ে একটি নতুন নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই নীতি অনুযায়ী, কেবল পদ বা পরিচয়ের ভিত্তিতে বাড়তি নিরাপত্তা বহাল রাখা হবে না; বরং সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ঝুঁকির মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নিরাপত্তায়ও পরিবর্তন আনা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে