Views Bangladesh Logo

তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহত্যা

সৌদি আরবের তায়েফ শহরে গুলিতে প্রাণ হারিয়েছেন কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশি। তাকে হত্যার পরপরই হামলাকারী সৌদি তরুণ নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর আনুমানিক ৪টার দিকে তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। তিনি খোরশেদ আলমের ছেলে। প্রায় আড়াই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দেশে রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তানকে।

স্থানীয় সূত্র জানায়, একটি সুপারমার্কেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন কামরুল। সে সময় হঠাৎ ওই সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালান। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজের কর্মস্থলের ভেতরে ঢুকে পড়েন, তবে হামলাকারী পিছু নিয়ে ভেতরে প্রবেশ করে তাকে পরপর তিন রাউন্ড গুলি করেন। ঘটনার সময় আতঙ্কে সেখানে থাকা অন্য দুই কর্মী পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পরপরই হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন। নিহতের ভগ্নিপতি একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ