এক বছরে ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত
২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ–সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। পরের বছর ১৯৭৭ সালে তার সৌদি সফর ছিল ঐতিহাসিক। মুসলিম ঐক্য জোরদারে তার ভূমিকার কথাও উভয়পক্ষ স্মরণ করে।
পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দুই দেশের ভূ-কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।
১৯৭৯ সালে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি সহায়তার কথাও স্মরণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের চলমান মানবিক সহায়তার প্রশংসা করে মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সমর্থন কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করতে তিনি কাজ করতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে বাংলাদেশিদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মভিসাসহ মোট ১৪ লাখ ভিসা দেওয়া হয়েছে। সৌদি আরবে চলমান উন্নয়ন কার্যক্রমে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য ব্যাপক কাজের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিমন্ত্রী ‘সৌদি ভিশন ২০৩০’–এর আওতায় ক্রাউন প্রিন্সের নেতৃত্বে নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে