Views Bangladesh Logo

সৌদি উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠক

বাংলাদেশ সফররত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি দেশের শীর্ষ সরকারি প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু, জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অংশ নেন।

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ বিস্তারিত জানায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ওয়ালিদ এল খেরেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ