দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি। সোমবার (৩ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
মতামত দিন