Views Bangladesh Logo

সৌদি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বন্দরে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ

বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগ বাড়িয়ে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পাশাপাশি একটি বে টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলটি এ আগ্রহের কথা জানায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণ করতে চায়। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বন্দর, রেলওয়েসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী বলেও প্রতিনিধিদল জানায়। তারা ইতোমধ্যে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো পর্যালোচনা করেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে পরবর্তী যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে উল্লেখ করে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। বাংলাদেশ সফর এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য তিনি সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা সৌদি আরব সফরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য একটি টেকসই মিশ্র বিমান বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে এয়ারবাসের বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে সরকার দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়নে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায়।

বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এমপি, প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মানির ভারপ্রাপ্ত মিশনপ্রধান (শার্জ দ্য অ্যাফেয়ার্স) আনইয়া টার্সটেন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপপ্রধান বাইবা জেরিনা।

আলোচনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভবিষ্যৎ বহর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন। তারা বলেন, জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য একটি টেকসই মিশ্র বিমান বহর গড়ে তুলতে সরকার কাজ করছে।

ইউরোপীয় প্রতিনিধিরা বাংলাদেশের এই আগ্রহকে স্বাগত জানান এবং এয়ারবাসের প্রস্তাবিত বিমান সংগ্রহের পাশাপাশি সামগ্রিক বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বহুমাত্রিক অংশীদারিত্ব সম্প্রসারণে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় দেশের বেসামরিক বিমান পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ কর্মসূচি। এছাড়াও, সরকারের বিমান বহর আধুনিকায়ন এবং দেশের বিমান পরিবহন অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ও ইউরোপের মধ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও বৈঠকে পর্যালোচনা করা হয়।

সূত্র: বাসস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ