Views Bangladesh Logo

সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, ‘সৌদি আরব বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী, এজন্য প্রধান উপদেষ্টার দপ্তরের সহায়তা কামনা করছি।’

তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ বন্দর ও লজিস্টিক খাতে এবং এসিডব্লিউএ পাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগের কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, ‘এটা এমন একটা সময় যখন সৌদি আরব আমাদের সর্বোত্তম সহায়তা দিতে পারে।’ তিনি দুই দেশের সম্পর্ককে ‘‘অনন্য” এবং “আলাদা” বলে অভিহিত করেন।’

ইউনূস সৌদি সরকারকে বাংলাদেশ ব্যাংকে তহবিল জমা দেয়ার আহ্বান জানান, যা অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সৌদি আরবের একটি ‘অসাধারণ সৌজন্যমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

এছাড়াও, তিনি বাংলাদেশি যুবকদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, যাতে বাংলাদেশ আরও দক্ষ কর্মী সৌদি আরবে পাঠাতে পারে।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দক্ষতা বৃদ্ধি তাদের বেতন ও রেমিট্যান্স উভয়ই বাড়াতে সহায়ক হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ