Views Bangladesh Logo

চমকের পথে সৌদি আরব, উরুগুয়ের বিপক্ষে এগিয়ে প্রথমার্ধেই

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আবারও অঘটনের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধেই লিড নিয়েছে এশিয়ার প্রতিনিধিরা। ম্যাচের ৪১ মিনিটে আবদুলেলাহ আল–আমরির গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় গ্রিন ফ্যালকনস।

ম্যাচের শুরু থেকেই শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলতে থাকে সৌদি আরব। সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন হয় প্রথমার্ধের শেষদিকে।

৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল–তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো তালুবন্দি করতে পারেননি। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে সামনে থাকা আবদুলেলাহ আল–আমরি সুযোগটি লুফে নেন। কাছ থেকে বল জালে পাঠিয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। গোলরক্ষক মুসলেরার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে লিড নেয় সৌদি আরব।

বিশ্বকাপের মঞ্চে বড় দলকে চমকে দেওয়ার ইতিহাস রয়েছে সৌদি আরবের। ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল তারা। এবার উরুগুয়ের বিপক্ষেও এগিয়ে গিয়ে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

অন্যদিকে, ফেদেরিকো ভালভার্দে ও ডারউইন নুনিয়েসদের নিয়ে মাঠে নামা উরুগুয়ে বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখাতে পারেনি। শেষ মুহূর্তে রক্ষণ ও গোলরক্ষকের ভুলের মাশুল দিয়ে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই বেশ কয়েকটি অপ্রত্যাশিত ফল দেখা গেছে। কেপ ভার্দে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে, মিসর বেলজিয়ামের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে। সেই ধারাবাহিকতায় উরুগুয়ের বিপক্ষেও আরেকটি চমক দেখানোর পথে এগিয়ে রয়েছে সৌদি আরব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ