Views Bangladesh Logo

২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়ামে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সৌদি আরব

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০৩৪ ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু আরামকো স্টেডিয়াম নির্মাণে অর্থায়নের চাপ কমাতে বেসরকারি বিনিয়োগকারী খুঁজছে সৌদি আরবের রাষ্ট্রীয় আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান রোশন গ্রুপ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল (পিআইএফ) মালিকানাধীন রোশন গ্রুপ বিনিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগানকে নিয়োগ দিয়েছে।

সৌদি সরকার বর্তমানে তেলের দাম কম থাকা এবং সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় বাজেট ঘাটতির চাপ মোকাবিলা করছে। এ কারণে পর্যটন, ক্রীড়া ও অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর আল-খোবারে নির্মাণাধীন ৪৭ হাজার দর্শক ধারণক্ষমতার আরামকো স্টেডিয়ামের কাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। আগামী বছরের জানুয়ারিতে সেখানে প্রথম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্টেডিয়ামটির মালিক ও নির্মাতা রোশন গ্রুপ হলেও ২৫ বছরের কনসেশন চুক্তির আওতায় এটি পরিচালনা করবে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

সূত্রগুলোর দাবি, সম্ভাব্য চুক্তি হবে ‘লিজ অ্যান্ড লিজব্যাক’ কাঠামোয়। এ ব্যবস্থায় রোশন একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করবে, যেখানে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করবেন। বিনিময়ে তারা দীর্ঘমেয়াদে আরামকোর পরিশোধ করা লিজের অর্থের একটি অংশ থেকে আয় পাবেন। এই অর্থ নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য রোশনের অতিরিক্ত মূলধন হিসেবে ব্যবহৃত হবে।

ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় সৌদি আরব খেলাধুলা খাতে ব্যাপক বিনিয়োগ করছে। ফুটবলের পাশাপাশি ফর্মুলা-ই, বক্সিং, টেনিস ও ই-স্পোর্টসেও বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে দেশটি।

২০৩৪ বিশ্বকাপকে সৌদি সরকারের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ টুর্নামেন্টের জন্য পাঁচটি শহরে ১৫টি স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার এবং ১৩২টি অনুশীলন ভেন্যু প্রস্তুত করা হচ্ছে।

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপ এককভাবে আয়োজনের ইতিহাসে প্রথম দেশ হবে সৌদি আরব। তবে বিশাল ব্যয় ও কিছু মেগা প্রকল্পে বিলম্বের কারণে সরকার এখন বেসরকারি বিনিয়োগকারীদের আরও বেশি সম্পৃক্ত করার কৌশল নিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ