‘ন্যায্যতা এবং স্বচ্ছতার সাথে’ নিয়োগ দেবে সৌদি আরব: মুখপাত্র
সৌদি আরব কিংডম (কেএসএ) জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে ‘ন্যায্যতা এবং স্বচ্ছতার’ সাথে চালাতে চায় তারা। কারণ, দেশটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের শ্রমবাজারের ‘মূল্যবান এবং অবিচ্ছেদ্য সদস্য’ হিসাবে অব্যাহত থাকবেন।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার (৭ ডিসেম্বর) ইউএনবিকে বলেছেন, ‘আগামীর দিকে তাকিয়ে, আমরা এই গুরুত্বপূর্ণ সহযোগিতাকে শক্তিশালী করতে নিবেদিত রয়েছি। এই অঙ্গীকারের অংশ হিসাবে আমরা কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্য ন্যায্যতা এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে সুগম করার দিকে লক্ষ্য রাখি’।
তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীরা কয়েক দশক ধরে সৌদি আরবের কর্মীবাহিনীর অবিচ্ছেদ্য অংশ। সৌদি শ্রমবাজারের বিভিন্ন খাতে দক্ষতা ও নিষ্ঠা নিয়ে এসেছেন তারা।
‘তাদের অবদান স্থানীয় কর্মীবাহিনীর পরিপূরক। সৌদি আরবের উন্নয়নে সহযোগিতা জোগায় এবং আমাদের সামাজিক কাঠামোকে সমৃদ্ধ করে’- বলেন মুখপাত্র।
তিনি উল্লেখ করেন, সৌদি আরবে ২০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন এবং দেশের সমাজ তাদের অবদানকে গভীরভাবে মূল্য দেয়।
‘আমরা তাদের কল্যাণ রক্ষা করতে, অধিকার সমুন্নত রাখতে এবং কর্মজীবনের বিকাশ ও বৃদ্ধির বিস্তৃত সুযোগ দিতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ’- বলেন।
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলানও ঢাকায় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সাম্প্রতিক বৈঠকে সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অমূল্য অবদান স্মরণ এবং তাদের পরিশ্রমী হিসেবে প্রশংসা করেন।
ঢাকায় সৌদি দূতাবাস প্রতিদিন ভালো সংখ্যক ভিসা ইস্যু করছে, যা সৌদি আরবে কর্মরত শ্রমিকদের যোগ করছে।
আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। বিশেষ করে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী 'গ্রিন সৌদি ইনিশিয়েটিভ' এবং কিংডম ভিশন ২০৩০-এর অধীনে মেগা প্রকল্পের মতো উচ্চাভিলাষী উদ্যোগের সমর্থনে তাদের নেয়া হবে।
রাজনৈতিক পরামর্শ ও উচ্চ-পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) পাশাপাশি দুই দেশের জনশক্তি সংক্রান্ত জয়েন্ট টেকনিক্যাল কমিটি (জেটিসি) সহ দুই সরকারের মধ্যে অব্যাহত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তায়ও জোর দিয়েছে বাংলাদেশ ও সৌদি আরব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে