মক্কা ও মদিনায় বিয়ে পড়ানোর অনুমতি দিল সৌদি আরব
ইসলামের পবিত্রতম দুটি স্থান মক্কা ও মদিনায় বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। সৌদির দৈনিক পত্রিকার বরাত দিয়ে শনিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
আল ওয়াতানের খবরে আরও বলা হয়েছে, মক্কার গ্র্যান্ড মসজিদে এবং মদিনার মসজিদে নববীতে স্বাচ্ছন্দ্যের সাথে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়। মক্কা ও মদিনায় আসা হজ, ওমরাহ যাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মদিনার যেসব স্থানীয় মানুষ আছেন তাদের অনেকেই এখন মসজিদে নববীতে বিয়ের কার্য সম্পাদন করেন।
তিনি বলেন, “বিভিন্ন কারণে মদিনাবাসী এটি করেন। মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে