Views Bangladesh Logo

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি প্রতিনিধিদলের এই সফরের উদ্দেশ্য দুই দেশের সম্পর্ক আরও উন্নত করা। তিনি জানান, বাংলাদেশ সরকারের নেতৃত্বের প্রতি সৌদি আরব আস্থা প্রকাশ করেছে এবং শুধু একটি খাতে নয়, বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি আরও জানান, সৌদি আরব বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব সফরের আগ্রহ জানিয়েছেন এবং সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বাংলাদেশে বাংলাদেশ–সৌদি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট-সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তির পথে রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ