বাংলাদেশের পরিবহন ও বন্দর খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
পরিবহন, লজিস্টিকস, সামুদ্রিক অবকাঠামো ও আর্থিক সেবা খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছে দেশটি।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস-বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে পিপিপি কর্তৃপক্ষ, বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ সৌদি আরবের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরব নিজেকে বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে এবং দেশটির শীর্ষ কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগে উৎসাহিত করছে।
তিনি জানান, সৌদি কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ খুঁজতে আগ্রহী। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমও পর্যালোচনা করা হয়। সৌদি প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে আরএসজিটির মোট জনবলের ৯৮ শতাংশেরও বেশি স্থানীয় কর্মী। প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং টার্মিনাল আধুনিকায়নের মাধ্যমে সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও সহযোগিতার সুযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বৈঠকে এমন কয়েকটি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে, যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থ একসূত্রে মিলেছে। এর মধ্যে রয়েছে লজিস্টিকস, কোল্ড স্টোরেজ থেকে বন্দর পর্যন্ত সরবরাহব্যবস্থা এবং আর্থিক সেবা খাত।
তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে বিডা ইতোমধ্যে সৌদি আরবের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ-সংক্রান্ত আলোচনা এগিয়ে নিচ্ছে।
বৈঠক শেষে উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।
মতামত দিন