Views Bangladesh Logo

ভিজিট ভিসায় আর হজ করা যাবে না, সৌদির নতুন নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

এবারের হজ মৌসুমকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে যেকোনো ভিজিট ভিসায় হজ পালন করা যাবে না। পবিত্র মক্কা নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত কেবল হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র (পারমিট) থাকলেই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি মিলবে। এই সময়ে অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা অবস্থান করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ বছর প্রচারণার মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে — ‘অনুমতি ছাড়া কোনো হজ নয়’।

যথাযথ পারমিট ছাড়া ভিজিট ভিসাধারীরা মক্কা বা পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া যেসব প্রবাসী বা ভিজিট ভিসাধারী হজ পালনের চেষ্টা করবেন তাদের বহিষ্কার এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এই কঠোর ব্যবস্থার অংশ হিসেবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাও কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) ছিল ওমরাহ যাত্রীদের জন্য দেশত্যাগের শেষ দিন। নির্ধারিত সময়ের পর অবস্থান করাকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান ওমরাহ যাত্রীদের অতিরিক্ত সময় অবস্থানের বিষয়টি কর্তৃপক্ষকে না জানালে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট দেওয়া বন্ধ থাকবে। নাগরিক, প্রবাসী এবং জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

কর্তৃপক্ষ নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং কোনো লঙ্ঘন নজরে এলে জরুরি নম্বর ৯১১ (মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশ) এবং ৯৯৯ (অন্যান্য অঞ্চল) কল করে জানানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে মক্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে হজের জাল পারমিট বিক্রির অভিযোগে এক সুদানি নাগরিককে গ্রেপ্তার করে পাবলিক প্রসিকিউশনে পাঠিয়েছে পুলিশ। গালফ নিউজ

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ