Views Bangladesh Logo

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাব্বির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায়' এ বোর্ডের সব জেলার—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—১১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই পাঁচ জেলায় সেদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে। শনিবার চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় মাইকিং করে পরীক্ষা স্থগিতের বিষয়টি পরীক্ষার্থীদের জানিয়ে দিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বুধবারও (৮ জুলাই) চট্টগ্রাম বোর্ডের এইচএসসি এবং চট্টগ্রাম বিভাগের সব জেলায় আলিম, এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল। টানা অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে; গত সোম থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে, ফলে অন্যান্য বোর্ডে যথাসময়ে পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। চট্টগ্রাম বোর্ডে এবার নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ