Views Bangladesh Logo

সাতক্ষীরা সদর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা বদলি

সাতক্ষীরা সদর থানা হাজতে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়।

বদলি হওয়া অপর দুজন হলেন সদর থানার ডিউটি অফিসার পিংকি রায় ও সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুন। ওসি মাসুদুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের বদলি নিয়মিত বদলির অংশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ উঠেছে, ওই দিন দুপুরে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবক সদর থানায় প্রবেশ করেন। পরে ওসির অনুমতি নিয়ে হাজতে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় কৌশলে তাঁদের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে বলতে শোনা যায়, ‘আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী পুলিশ আমাদের অন্যায়ভাবে ধরে নিয়ে এসেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ ভিডিওতে তাঁকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতেও দেখা যায়।

ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে আলোচনা শুরু হলে সদর থানার ওসিসহ তিন কর্মকর্তাকে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, ‘ভিডিও ধারণের বিষয়টি আমাদের জানা নেই। ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টিও সঠিক নয়। এটি নিয়মিত বদলির একটি অংশ।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ