Views Bangladesh Logo

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে ফুয়েল কার্ডের শর্ত বাতিল

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মোটরসাইকেলে তেল নিতে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড থাকা আবশ্যক। এতে তেল সংগ্রহের নির্ধারিত সময় ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে সমালোচনা ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ফুয়েল কার্ড সংক্রান্ত নির্দেশনা বাতিল করে।

জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম জানান, জেলা প্রশাসক সংশ্লিষ্ট ধারা বাতিল করেছেন। তাই মোটরসাইকেলে তেল নিতে আর ফুয়েল কার্ডের প্রয়োজন নেই; বৈধ কাগজপত্র থাকলেই চালকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতারের সঙ্গে যোগাযোগ করা না গেলেও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতেই প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জনমনে প্রতিক্রিয়া বাড়ায় তা প্রত্যাহার করা হয়েছে।

প্রশাসনের অন্যান্য নির্দেশনা যেমন রয়েছে, সেগুলো কার্যকর থাকবে। রিপন বিশ্বাস বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। চালকের সঙ্গে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন থাকতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ