Views Bangladesh Logo

সন্ধ্যা সাতটায় শপথ নেবেন সারোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য সারোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) আজ সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য সারোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথবাক্য পাঠ করবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করাবেন।

দীর্ঘ আইনি জটিলতার পর সারোয়ার আলমগীরের এই শপথ গ্রহণের পথ সুগম হলো। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ী হন সারোয়ার আলমগীর। তবে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. নুরুল আমিনের ঋণখেলাপির অভিযোগে করা আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করেছিল।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সেই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন, যার প্রেক্ষিতে আপিল বিভাগ তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখলেও রুল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয়।

এই আইনি অনিশ্চয়তার মধ্যেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হন সারোয়ার আলমগীর, কিন্তু আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং শপথ গ্রহণও দীর্ঘদিন আটকে ছিল। পরে গত ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় গত ২ জুলাই শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

অবশেষে বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন, যার ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সব আইনি বাধা দূর হয়।

আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ