বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, সারজিস আলমের ঘোষণা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে দলটির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নইলে ফিরব না।’
বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘হাসিনার এজেন্টরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে।’ তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি জটিলতর হয়েছে।
পোস্টে দেশব্যাপী জনগণকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়েছেন সারজিস আলম। বিশেষ করে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের প্রতি তিনি ‘জাগ্রত’ হওয়ার আহ্বান জানান।
গোপালগঞ্জে এনসিপির “জুলাই পদযাত্রা” কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার শহরজুড়ে একাধিক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন বিকেল ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ সরকারি কলেজসংলগ্ন লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতারা সমাবেশ শেষ করে যাওয়ার সময় পুনরায় হামলার শিকার হন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির নেতারা টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে আরও একটি হামলার শিকার হন। যার ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
এর আগে সদর উপজেলার গান্ধিয়াশুর, উলপুর, কোটালিপাড়াসহ আশেপাশের এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনাও ঘটে। এনসিপি নেতারা অভিযোগ করেন, এসব হামলার পেছনে আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়িত এবং প্রশাসন নিষ্ক্রিয় ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে