আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট
নির্বাচনের বৈধতা নিয়ে রুল জারি না করা পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
সোমবার (২৮ অক্টোবর) দায়ের করা পৃথক রিটে বলা হয়েছে, ১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না ২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি (কার্যক্রম) থেকে বিরত রাখা হবে না?রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।
এর আগে গত ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে