ইসকনকে নিষিদ্ধের দাবি হাসনাত-সারজিসের
দেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশে অবিলম্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে তারা এ দাবি তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ইসকন। উগ্র হিন্দুত্ববাদী এই জঙ্গী সংগঠন সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে। ভারতে বসেই স্বৈরাচার হাসিনা যত ষড়যন্ত্র করুক না কেন, আমরা রুখে দেবো। বাংলাদেশে সব ধর্মের সহবস্থান থাকবে। ধর্মের নামে উগ্রবাদী এখানে ঠাঁই নেই। ইসকনের বর্বরতা কোনোভাবেই মেনে নেবে না ছাত্রজনতা। তাই অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।’
সারজিস আলম বলেন, ‘আমরা দেখেছি, এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি, যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কীভাবে আমাদের এই মাদ্রাসার ভাইয়েরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে। কীভাবে ৫ অগাস্ট রাতে সারারাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার (মন্দির) সামনের রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থিদের প্রতিহত করবে।’
তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ইসকনের নামে যেসব উগ্রপন্থিরা বিগত ১৬ বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এ সকল অপকর্মকে মদদ দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কী, তারা কীভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি।’
সারজিস বলেন, ‘বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিরুদ্ধে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে পুরো বাংলাদেশে একসাথে ছাত্র-জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। যারা ইসকন নামে উগ্রপন্থি হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে