Views Bangladesh Logo

আদালত অবমাননার অভিযোগ, সারজিসকে আইনি নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালত নিয়ে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ প্রদান করেন। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছেও ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে সারজিস আলমের ২২ মে তারিখের একটি ফেসবুক পোস্ট। সেখানে তিনি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন— ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীলীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।’

পোস্টে তিনি অভিযোগ করেন, ‘শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে।’ তিনি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক সুপারিশ এবং বিচারকদের ভূমিকা নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তোলেন।

পোস্টের এক পর্যায়ে তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের দায়ভার নিয়েও মন্তব্য করেন এবং তার পদত্যাগ চাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

সারজিস আলমের এসব মন্তব্যকে আদালতের মর্যাদাহানিকর বলে দাবি করে আইনজীবী জসিম উদ্দিন দ্রুত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ