সরস্বতী পূজা আজ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বুধবার। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আজ সারাদেশে পূজাটি পালন করা হচ্ছে।
সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় 'বসন্ত পঞ্চমী'।
হিন্দু ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।
সরস্বতী পূজা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি তাদের ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করেছে। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে