Views Bangladesh Logo

সঞ্চালকের রসিকতায় অস্বস্তিতে সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত প্রাণবন্ত স্বভাবের জন্য পরিচিত। তবে সম্প্রতি এক ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তাকে কিছুটা বিরক্ত ও অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

মুম্বাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘পতি পত্নী অওর ও দো’ সিনেমার ট্রেলার লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। তাদের সঙ্গে যোগ দেন সারা আলি খানও।

অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালকের একটি মন্তব্যকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঞ্চালক রসিকতার ছলে বলেন, তিনি নাকি অভিনেতাদের ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’। মন্তব্যটি ভালোভাবে নেননি সারা। বরং তার মুখভঙ্গিতে স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই মন্তব্যের পর সারা বারবার পাশে থাকা সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছেন। তার অভিব্যক্তিতেই বোঝা যায়, বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছে।

ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই সারার প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়ে বলেন, বিনোদনের নামে এমন ব্যক্তিগত ও অশোভন মন্তব্য করা উচিত নয়।

উল্লেখ্য, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা। এতে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সারা আলি খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি। বর্তমানে সিনেমাটির ট্রেলার প্রশংসা কুড়ালেও সারার ওই ভিডিওটি নিয়েই বেশি আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ