১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে জাতীয় দলকে বেছে নিলেন স্যান্টনার
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় ধরনের আর্থিক প্রস্তাব ফিরিয়ে নিউজিল্যান্ডের হয়ে আসন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজগুলোতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স থেকে দুই বছরের জন্য প্রায় ১০ লাখ মার্কিন ডলারের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
জাতীয় দলের ব্যস্ত সূচি এবং নেতৃত্বের দায়িত্ব বিবেচনায় নিয়ে স্যান্টনার এই সিদ্ধান্ত নেন। আগামী ২২ অক্টোবর থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজও রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি ও অধিনায়কত্বের দায়িত্ব ধরে রেখে আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান তিনি।
স্যান্টনারের সিদ্ধান্তকে জাতীয় দলের প্রতি তার অগ্রাধিকারের প্রতিফলন হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। নিউজিল্যান্ড হেরাল্ডকে ওয়াল্টার বলেন, ‘আমার কাছে এটা একজন মানুষের চরিত্রের মাপকাঠি। অন্য কাউকে বিচার করার জন্য নয়, তবে মিচের ক্ষেত্রে দলকে সবার আগে রাখার বিষয়টি তার চরিত্রই তুলে ধরে।’
স্যান্টনারের কাছে জাতীয় দলের অধিনায়কত্ব এবং সামনে থাকা টেস্ট সিরিজগুলোর গুরুত্বও তুলে ধরেছেন ওয়াল্টার। তার ভাষায়, ‘দেশের অধিনায়কত্ব তার কাছে কী অর্থ বহন করে, সেটা আমি জানি। সামনে যে টেস্টগুলো আছে, সেগুলোর অংশ হওয়ার ইচ্ছাটাও তার প্রবল। তাই বিষয়টি কারও কাছে অবাক করার মতো হলেও আমার কাছে নয়।’
নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কেউ কেউ অবশ্য কেন্দ্রীয় চুক্তি ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ার জন্য নমনীয় ব্যবস্থার পথ বেছে নিয়েছেন। ফিন অ্যালেন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও অ্যাডাম মিলনদের মতো ক্রিকেটাররা এ ধরনের চুক্তিতে খেলছেন।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারকে ক্রিকেটের স্বাভাবিক বাস্তবতা হিসেবে দেখছেন ওয়াল্টার। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ ধরে রাখার বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। ওয়াল্টারের ভাষায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউজিল্যান্ডের হয়ে খেলার ক্ষুধা ধরে রাখা। তারা দেশের হয়ে খেলতে চায়, প্রতিনিধিত্ব করতে চায় এবং সবসময় ভালোভাবে সেটা করে।’
মতামত দিন