Views Bangladesh Logo

শেষ ইচ্ছা অনুযায়ী সন্‌জীদা খাতুনের মরদেহ চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ তানভীর নভেদ।

তিনি সংবাদমাধ্যমকে জানান, আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।

পার্থ তানভীর বলেন, "চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি সন্‌জীদা খাতুন ১৯৯৮ সালে নিয়েছিলেন।"

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের পক্ষ থেকে সন্‌জীদা খাতুনের মরদেহ গ্রহণ করা হয়। মরদেহ দানের সময় উপস্থিত ছিলেন পার্থ তানভীর নভেদ, তাঁর ছোট বোন রুচিরা তাবাসসুম নভেদ, বড় বোনের স্বামী সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী এবং ছোট বোনের দেবর অধ্যাপক মানজারে শামীম।

পার্থ তানভীর নভেদ আরও বলেন, "এ বিষয়ে তখন একটি চুক্তিও করেছিলেন সন্‌জীদা খাতুন। সেই চুক্তি তিনি খামে ভরে রেখে দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর গতকাল সেই খাম বের করা হয়েছে। ১৯৯৮ সালে চুক্তির সময় সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক মানজারে শামীম। আজ মরদেহ হস্তান্তরের সময়ও তিনি উপস্থিত ছিলেন।"

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্‌জীদা খাতুন। ওই রাতেই তাঁর মরদেহ হিমঘরে রাখা হয়। পরদিন (বুধবার) দুপুরে কফিন নেওয়া হয় ছায়ানট ভবনে, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বেলা আড়াইটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শিল্পী, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রবাসে থাকা স্বজনরা আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে শেষ পর্যন্ত সন্‌জীদা খাতুনের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আজ (বৃহস্পতিবার) তাঁর মরদেহ চিকিৎসাবিজ্ঞানের জন্য দান করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ