বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন সঞ্জয় দেব
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবের। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার পাশাপাশি তিনি অভিনব উপায়ে বাংলাদেশের পরিচয়ও তুলে ধরেন কোটি দর্শকের সামনে।
শুক্রবার (১২ জুন) রাতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে অংশ নেন সঞ্জয় দেব। টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহির নতুন গানের পরিবেশনায় পারফর্ম করেন তিনি। তাদের সঙ্গে মঞ্চে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিমও।
তবে সঞ্জয়ের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় আসে তার পোশাকের বিশেষ বার্তা। অনুষ্ঠানে তিনি এমন একটি কাস্টমাইজড জ্যাকেট পরেছিলেন, যার ডান হাতার অংশে সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীকী নকশা।
পারফরম্যান্স চলাকালে বারবার নিজের জ্যাকেটের সেই অংশের দিকে ইঙ্গিত করে বাংলাদেশের প্রতীকগুলো দর্শকদের সামনে তুলে ধরেন সঞ্জয়। মুহূর্তগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের এমন সৃজনশীল উপস্থাপনা প্রশংসা কুড়ায় নেটিজেনদের।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল তারকাবহুল। সঞ্জয় দেব ও নোরা ফাতেহির পাশাপাশি মঞ্চ মাতান কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা। বৈচিত্র্যময় এই পরিবেশনার মাধ্যমে বিশ্বদর্শকের সামনে তুলে ধরা হয় কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য।
বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে সঞ্জয় দেবের অংশগ্রহণ এবং তার পোশাকের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেশি-বিদেশি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

মতামত দিন