ঈদে ভিন্ন ভিন্ন চরিত্রে সংগীতা চৌধুরী
রূপের আলো আর অভিনয়ের গভীরতায় দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া এক নাম সংগীতা চৌধুরী। নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই তিনি আলাদা অবস্থান তৈরি করেছেন।
দীপ্ত টেলিভিশনের মেগা ধারাবাহিক ‘পরম্পরা’-তে ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে বিশেষ ছাপ ফেলেছেন। তার চোখের অভিব্যক্তি ও স্বাভাবিক অভিনয় চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছে।
বিজ্ঞাপনচিত্র এবং ইংরেজি সিরিয়ালে কণ্ঠ দেওয়ার কাজেও তিনি নিজের সৃজনশীলতার পরিধি বাড়িয়ে চলেছেন। এবার আসন্ন ঈদ উৎসবে তিনি দর্শকদের জন্য নিয়ে আসছেন আরও দুটি ভিন্নধর্মী চরিত্র।
ঈদ উপলক্ষে কাজ করা নাটক প্রসঙ্গে সংগীতা চৌধুরী জানান, তিনি ইতোমধ্যে দুটি নাটকের কাজ করছেন। এর মধ্যে একটি সাইফ আহমেদের সাত পর্বের ধারাবাহিক ‘ভাত হাসান’, যেখানে তিনি একজন আধুনিক সময়ের উপস্থাপিকার চরিত্রে অভিনয় করেছেন। এটি মূলত কমেডি ধাঁচের নাটক। এ নাটকে তিনি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গেও কাজ করেছেন।
অন্যদিকে জাকারিয়া শৌখিনের নাটক ‘কাজল চোখের মেয়ে’-তে তিনি এক সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূর চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, দুটি চরিত্রই ভিন্ন স্বাদের এবং চ্যালেঞ্জিং, যা দর্শকের ভালো লাগবে বলেই তার প্রত্যাশা।
সংগীতা আরও জানান, একই সময়ে একাধিক নাটকের প্রস্তাব থাকায় তিনি চরিত্র বুঝে কাজ বেছে নিচ্ছেন। এছাড়া আরও একটি ঈদের নাটকে কাজের আলোচনা চলছে বলেও জানান তিনি।
সম্প্রতি মা দিবস উপলক্ষে অনম বিশ্বাস পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন সংগীতা, যা ইতিবাচক সাড়া পেয়েছে বলে তিনি জানান।
পাশাপাশি সময় মিললে আরেকটি ধারাবাহিকে কাজ করার সম্ভাবনার কথাও বলেন তিনি। নতুন একটি চলচ্চিত্রের জন্যও নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে