সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা
চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি এখন দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর।
নৌপরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। বুধবার ওই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে নদীবন্দরের চারদিকের সীমানার অক্ষাংশ-দ্রাঘিমাংশ উল্লেখ করা হয়। এতে ভূ-ভাগের সীমানার বর্ণনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।
এদিকে একই দিনে পৃথক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সন্দ্বীপসহ দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো ৫৪টিতে। এর মধ্যে ৪টি বড় নদী বন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। এছাড়া দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে