Views Bangladesh Logo

স্যামসাংয়ের এআই আপগ্রেডে মিলবে দৈনন্দিন স্বাস্থ্য পরামর্শ

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিধানযোগ্য প্রযুক্তি (ওয়্যারাবল টেকনোলজি) পণ্যের মেলবন্ধনে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে স্যামসাং। ব্যবহারকারীদের হাতে থাকা স্মার্টওয়াচ বা ব্যান্ডের জটিল সব বায়োমেট্রিক (শারীরিক) উপাত্তকে সাধারণ মানুষের বোঝার উপযোগী এবং কার্যকরী দৈনন্দিন পরামর্শে রূপান্তর করতে নিজেদের 'হেলথ' অ্যাপে বড় ধরনের আপডেট আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৮ জুন থেকে এই নতুন আপডেট চালু হতে যাচ্ছে।

আগামী জুলাই মাসে বাজারে আসছে স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের পরিধানযোগ্য ডিভাইস 'গ্যালাক্সি ওয়াচ ৯' এবং 'আল্ট্রা ২'। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এতে ব্যবহারকারীরা কী ধরনের সুবিধা পাবেন, এই আপডেটটি মূলত তারই একটি আগাম ঝলক।

স্যামসাংয়ের এই নতুন আপডেটের মূল কেন্দ্রে রয়েছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)। জটিল স্বাস্থ্যগত সূচক ও সাধারণ ব্যবহারকারীর বোঝার ক্ষমতার ব্যবধান কমাতে এআই-কে কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি। এর একটি বড় উদাহরণ হলো অ্যাপটির নতুন 'ভাইটালস' ফিচার, যা মূলত পুরোনো 'এনার্জি স্কোর' ফিচারের একটি উন্নত রূপ। এখন থেকে অ্যাপটি কেবল জটিল গ্রাফ বা চার্ট দেখানোর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর রাতের হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাসের ধরণ, ত্বকের তাপমাত্রা এবং রক্তে অক্সিজেনের মাত্রা বিশ্লেষণ করবে। এরপর তা ব্যবহারকারীর স্বাভাবিক শারীরিক অবস্থার সাথে মিলিয়ে দেখবে। কোনো সূচকে অস্বাভাবিক ওঠানামা ধরা পড়লে, কোনো জটিল চিকিৎসা পরিভাষা ব্যবহার না করে অ্যাপটি ব্যবহারকারীকে সহজ ভাষায় জানিয়ে দেবে যে, তিনি হয়তো কোনো ভাইরাসে আক্রান্ত হতে যাচ্ছেন অথবা তার শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া প্রয়োজন।

কার্ডিওভাসকুলার বা হৃদযন্ত্রের সুস্থতা ট্র্যাক করার পদ্ধতিতেও বড় পরিবর্তন আনছে স্যামসাং। অ্যাপটিতে যুক্ত হচ্ছে 'হার্ট হেলথ স্কোর' ফিচারটি। এটি আগের 'ভাস্কুলার লোড' (রক্ত পাম্প করতে হৃদযন্ত্রের কেমন পরিশ্রম হচ্ছে তার পরিমাপ) ফিচারের জায়গা নেবে। নতুন এই স্কোরটি হৃদযন্ত্রের কার্যক্ষমতার পাশাপাশি ব্যবহারকারীর ঘুমের মান, দৈনন্দিন মানসিক চাপ, পূর্ববর্তী শারীরিক কার্যকলাপ এবং শরীরের গঠন সংক্রান্ত ডেটা একসঙ্গে বিশ্লেষণ করে হৃদযন্ত্রের সামগ্রিক অবস্থার একটি স্কোরকার্ড তৈরি করবে। শুধু স্কোর দেখিয়েই থেমে থাকবে না অ্যাপটি; বরং স্কোর ভালো করার জন্য বাস্তবসম্মত জীবনযাত্রার পরামর্শও দেবে। যেমন—প্রতিদিনের হাঁটার লক্ষ্যমাত্রা কেমন হওয়া উচিত কিংবা খাদ্য তালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার (যেমন: কলা) রাখার মতো প্রয়োজনীয় পরামর্শ দেবে এই এআই।

যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য এই আপডেট নিয়ে আসছে আরও নিখুঁত ও ব্যক্তিগত উপযোগী প্রশিক্ষণের সুযোগ। অ্যাপটিতে যুক্ত হওয়া ‘ডেইলি কার্ডিও লোড’ টুলটি ব্যবহারকারীর শারীরিক অবস্থা রিয়েল-টাইমে হিসাব করে ব্যায়ামের সঠিক লক্ষ্যমাত্রা এবং শরীর পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করে দেবে।

এর পাশাপাশি থাকছে 'ফিটনেস ইনডেক্স'। এটি ব্যবহারকারীর দৈনন্দিন শারীরিক পরিশ্রম এবং 'ভিওটু ম্যাক্স'-এর মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বিশ্লেষণ করে সমবয়সী অন্য ব্যক্তিদের সাথে একটি তুলনামূলক চিত্র তুলে ধরবে। এই তুলনামূলক ডেটার ওপর ভিত্তি করে এআই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত লক্ষ্য তৈরি করবে। এর ফলে ব্যবহারকারী নিজেই বুঝতে পারবেন যে, তাঁর স্ট্যামিনা বা সহনশীলতা বাড়াতে আরও দৌড়ানো দরকার নাকি পেশী শক্তি বাড়াতে ওয়েট লিফটিং করা প্রয়োজন।

স্যামসাং জানিয়েছে, এই এআই ফিচারগুলো তাদের মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসের ইকোসিস্টেমে কাজ করলেও আসন্ন নতুন হার্ডওয়্যার বা স্মার্টওয়াচগুলোতে এর পূর্ণ সুবিধা পাওয়া যাবে।

আগামী জুলাইয়ে ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। আপডেট হওয়া এই অ্যাপটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ঘড়িকে শুধু তথ্য সংগ্রহের যন্ত্র না রেখে একটি সক্রিয় স্বাস্থ্য কোচে পরিণত করতে চাইছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ