Views Bangladesh Logo

সরু ডিসপ্লের বদলে অপেক্ষাকৃত চওড়া স্ক্রিনের ফোল্ডএবল ফোন আনছে স্যামসাং

 VB  Desk

ভিবি ডেস্ক

ফোল্ডএবল স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন ধরনের ডিসপ্লে নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের পরবর্তী প্রজন্মের একটি ডিভাইসে প্রচলিত সরু ডিসপ্লের বদলে অপেক্ষাকৃত চওড়া স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। মূল লক্ষ্য, বড় পর্দায় ভিডিও দেখা ও মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগের অভিজ্ঞতা আরও উন্নত করা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর সাফল্য স্যামসাংকে ফোল্ডএবল ডিভাইসের নকশা ও ডিসপ্লে নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করেছে। দক্ষিণ কোরিয়ার ইটি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৭ সালের সম্ভাব্য একটি মডেলে বর্তমান ফোল্ড সিরিজের ৪:৩ অ্যাসপেক্ট রেশিও পরিবর্তনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

নতুন ডিভাইসের ডিসপ্লেতে ১৬:৯ অথবা ১৬:১০-এর কাছাকাছি অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করা হতে পারে বলে প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা। এমন হলে প্রচলিত ফোল্ডএবল ফোনের তুলনায় স্ক্রিনটি হবে আরও প্রশস্ত। বিশেষ করে সিনেমা, ইউটিউবসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখার সময় এর সুবিধা পাওয়া যেতে পারে। তবে নতুন ডিসপ্লের সঠিক অনুপাত বা নকশা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি স্যামসাং।

বর্তমান ফোল্ডএবল ফোনের ৪:৩ অনুপাতের স্ক্রিনে ওয়াইডস্ক্রিন ভিডিও চালালে পর্দার ওপর ও নিচে কালো অংশ দেখা যায়। প্রযুক্তির ভাষায় যাকে লেটারবক্সিং বলা হয়। নতুন চওড়া ডিসপ্লে সেই সমস্যা অনেকটাই কমিয়ে দিতে পারে। ফলে ফোল্ড করা অবস্থায় তুলনামূলক কমপ্যাক্ট থাকলেও খুললে বড় ও ভিডিওবান্ধব স্ক্রিন পাওয়া যাবে।

এদিকে ২০২৭ সালে ফোল্ডএবল ডিভাইসের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছে স্যামসাং। বিভিন্ন প্রতিবেদনে ওই বছরে একাধিক ফোল্ডএবল মডেল বাজারে আনার সম্ভাবনার কথা বলা হয়েছে। এর মধ্যে ফোল্ড ও ফ্লিপ সিরিজের নতুন সংস্করণের পাশাপাশি ট্রাইফোল্ড প্রযুক্তির ডিভাইসও থাকতে পারে। এর আগে ট্রাইফোল্ড ডিভাইসের উচ্চমূল্য ও যন্ত্রাংশ সরবরাহসংক্রান্ত সমস্যার কারণে উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

স্যামসাংয়ের এই পরিকল্পনার সময়েই ফোল্ডএবল বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে অ্যাপলও। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শেষ দিকে আইফোনের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে অ্যাপলের প্রথম ফোল্ডএবল আইফোনের আত্মপ্রকাশ ঘটতে পারে। ফলে আগামী কয়েক বছরে ফোল্ডএবল স্মার্টফোনের বাজারে দুই প্রযুক্তি জায়ান্টের প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ