Views Bangladesh Logo

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আনছে স্যামসাং, পেটেন্টে মিলল ইঙ্গিত

 VB  Desk

ভিবি ডেস্ক

স্মার্টফোনের পরিচিত ক্যামেরা বিন্যাসে পরিবর্তন আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক একটি পেটেন্টে ফোল্ডেবল ফোনের পেছনে অনুভূমিক ক্যামেরা বার ব্যবহারের সম্ভাব্য নকশা দেখা গেছে। ফলে ভবিষ্যতের গ্যালাক্সি সিরিজের কোনো ডিভাইসে নতুন ধরনের ক্যামেরা লেআউট দেখা যেতে পারে বলে প্রযুক্তি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামিগুরুর প্রতিবেদনে বলা হয়েছে, পেটেন্টের নকশায় ফোনের পেছনের অংশজুড়ে আনুভূমিকভাবে ক্যামেরা মডিউল বসানোর ধারণা দেখানো হয়েছে। বর্তমানে গ্যালাক্সি সিরিজের বেশিরভাগ স্মার্টফোনে ক্যামেরা সেন্সর লম্বালম্বি বা উল্লম্বভাবে সাজানো থাকে। নতুন নকশা বাস্তবায়িত হলে ফোনের পেছনের প্রচলিত ক্যামেরা বিন্যাসে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।

অবশ্য স্যামসাংয়ের জন্য অনুভূমিক ক্যামেরা বিন্যাস পুরোপুরি নতুন কোনো ধারণা নয়। ২০১৯ সালে গ্যালাক্সি এস১০ সিরিজের কয়েকটি মডেলে এ ধরনের ক্যামেরা বিন্যাস দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি সেই নকশা থেকে সরে গিয়ে উল্লম্ব ক্যামেরা লেআউটকে প্রাধান্য দেয়। এবার পেটেন্টে আবারও অনুভূমিক ক্যামেরা বারের ধারণা সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নতুন এই নকশার পেছনে অন্যতম কারণ হতে পারে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির প্রসার। বিশেষ করে কিউআই২ বা কিউআই২-সমর্থিত আনুষঙ্গিক পণ্যের ব্যবহার বাড়ায় ফোনের পেছনের জায়গা ব্যবস্থাপনা নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুলনামূলকভাবে লম্বা উল্লম্ব ক্যামেরা মডিউলের কারণে ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, ওয়ালেট কিংবা অন্যান্য আনুষঙ্গিক পণ্য ফোনের পেছনে যুক্ত করার সময় জায়গার সীমাবদ্ধতা তৈরি হতে পারে।

অনুভূমিক ক্যামেরা বার ব্যবহার করলে ক্যামেরা মডিউলের নিচের অংশে তুলনামূলক বেশি জায়গা খালি রাখা সম্ভব হতে পারে। এতে ম্যাগনেটিক অ্যাকসেসরিজ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পেতে পারেন। বিশেষ করে ফোল্ডেবল ফোনের নকশায় ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য উপাদানের জায়গা নির্ধারণের ক্ষেত্রে এমন পরিবর্তন কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে পেটেন্টে কোনো প্রযুক্তি বা নকশা প্রকাশিত হওয়া মানেই সেটি নিশ্চিতভাবে বাজারের ফোনে আসবে এমন নয়। অনেক সময় নির্মাতারা ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই কিংবা প্রযুক্তিগত বিকল্প সংরক্ষণের জন্য বিভিন্ন নকশার পেটেন্ট করে থাকে। ফলে স্যামসাংয়ের নতুন ক্যামেরা বার আদৌ কোনো বাণিজ্যিক ডিভাইসে ব্যবহার হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। কোন মডেলে এবং কবে এ ধরনের নকশা দেখা যেতে পারে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ