বোনাস বিরোধে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে স্যামসাং
বোনাসের সর্বোচ্চ সীমা বাতিল ও বার্ষিক মুনাফার ন্যায্য অংশের দাবিতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়েছে কোম্পানিটি। এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা তুঙ্গে।
প্রায় ৪৮ হাজার কর্মী বৃহস্পতিবার থেকে ১৮ দিনের উৎপাদন বন্ধের হুমকি দিয়েছেন। এই সংখ্যা দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ইলেকট্রনিক্সের মোট জনবলের প্রায় ৩৮ শতাংশ। ২০২৪ সালের ধর্মঘটে মাত্র ছয় হাজার কর্মী অংশ নিয়েছিলেন।
কর্মী ইউনিয়ন দুটি প্রধান দাবি তুলেছে। প্রথমত, বার্ষিক বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বোনাসের যে সর্বোচ্চ সীমা রয়েছে তা স্থায়ীভাবে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোম্পানির বার্ষিক পরিচালন মুনাফার ১৫ শতাংশ বোনাস ফান্ড হিসেবে রেখে কর্মীদের মধ্যে বণ্টন করতে হবে।
এই দাবির পেছনে রয়েছে প্রতিযোগী কোম্পানি এসকে হাইনিক্সের সঙ্গে তুলনা। গত বছর এসকে হাইনিক্স তাদের বোনাসের সর্বোচ্চ সীমা আগামী ১০ বছরের জন্য বাতিল করেছে। ফলে তাদের কর্মীরা স্যামসাংয়ের কর্মীদের তুলনায় তিন গুণেরও বেশি বোনাস পেয়েছেন। ইউনিয়নের দাবি, এরপর থেকে অনেক দক্ষ কর্মী স্যামসাং ছেড়ে এসকে হাইনিক্সে যোগ দিয়েছেন।
এদিকে স্যামসাং কর্মীদের দাবি পুরোপুরি মানতে রাজি নয়। কোম্পানি প্রস্তাব দিয়েছে, মেমোরি চিপ বিভাগের কর্মীরা এসকে হাইনিক্সের কর্মীদের চেয়েও বেশি বোনাস পাবেন এবং লজিক চিপ বিভাগের কর্মীরা ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বোনাস পাবেন। তবে এসব সুবিধা কেবল এ বছরের জন্যই এককালীন দেওয়া হবে— ৫০ শতাংশ বোনাসের স্থায়ী সীমা বাতিল করতে তারা রাজি নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে