এবার উইন্ডোজ অপারেটিংয়ে স্যামসাং ব্রাউজার
প্রথমবারের মতো স্যামসাং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার চালু করেছে। এতদিন এই ব্রাউজারটি কেবল তাদের স্মার্টফোনে ব্যবহার করা গেলেও এখন থেকে এটি উইন্ডোজ কম্পিউটারেও ব্যবহার করা যাবে। এতে স্মার্টফোন ও কম্পিউটারের মধ্যে আরও সমন্বিত ব্রাউজিং অভিজ্ঞতা পাওয়া যাবে।
স্যামসাং জানিয়েছে, নতুন ব্রাউজারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা বিভিন্ন ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ব্রাউজিং চালিয়ে যেতে পারেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (AI) একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর প্রয়োজন ও প্রেক্ষাপট অনুযায়ী সহায়তা দিতে সক্ষম।
উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ (সংস্করণ ১৮০৯ বা পরবর্তী) ব্যবহারকারীরা এই ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এআই ভিত্তিক কিছু ফিচার বর্তমানে কেবল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে সীমিত রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে অন্যান্য দেশেও এসব সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে স্যামসাং জানায়, এই ব্রাউজারের প্রধান লক্ষ্য হলো ফোন ও কম্পিউটারের মধ্যে ব্রাউজিং অভিজ্ঞতাকে একীভূত করা। ফলে ব্যবহারকারীরা ফোনে যেখানে ব্রাউজিং শেষ করবেন, কম্পিউটারে সেখান থেকেই আবার শুরু করতে পারবেন। বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস এবং খোলা ট্যাব স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হবে।
নতুন ব্রাউজারে ‘এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা’ নামের একটি এআই সহকারী যুক্ত করা হয়েছে, যা স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝে ওয়েবপেজ বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করতে সক্ষম।
মতামত দিন