আগামী সপ্তাহ থেকে জমানো টাকা তুলতে পারবেন আমানতকারীরা
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত স্কিমের নির্ধারিত সীমার বাইরেও বিশেষ প্রয়োজনে জমানো টাকা তুলতে পারবেন ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামীসহ পাঁচ ব্যাংক মিলে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীরা। তবে যারা স্কিমের বাইরে টাকা তুলতে চান, আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট শাখাগুলোতে লিখিত আবেদন জমা দিতে হবে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী সপ্তাহ থেকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ব্যাংক কর্তৃপক্ষ।
দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংক পুনর্গঠনের মাধ্যমে গঠিত এই ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরানো এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় লেনদেন ব্যবস্থা স্বাভাবিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে খেলাপি ঋণ থেকে আদায় পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়িয়ে সুষ্ঠুভাবে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের ওপর ২০২৪ ও ২০২৫ সালের অর্জিত মুনাফা কাটছাঁটের (হেয়ারকাট) সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক । ফলে আমানতকারীরা তাঁদের মেয়াদি আমানতের ওপর ঘোষিত পুরো মুনাফা সুবিধা পাবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকটির সব ধরনের সঞ্চয়ী হিসাবের লেনদেন পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে যে সকল গ্রাহক তাঁদের মেয়াদি আমানত ভাঙিয়ে পুরোপুরি তুলে নিতে বা ‘এক্সিট’ গ্রহণ করতে চান, তাঁরাও সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। তবে এক্ষেত্রে কেবল আমানতের মূল টাকা দেওয়া হবে, কোনো মুনাফা মিলবে না। সরকারের পরিশোধিত আবগারি শুল্ক ব্যাংক কর্তৃপক্ষ বহন করবে। অন্যদিকে কোনো গ্রাহক মেয়াদি আমানতের আংশিক অর্থ তুললে অবশিষ্ট জমাকৃত অঙ্কের ওপর পুরো মুনাফা সুবিধা বহাল থাকবে।
উল্লেখ্য, বিগত সময়ে অনিয়ম ও জালিয়াতির কারণে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক চরম তারল্য সংকটে পড়ে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকগুলোকে একত্রে করে সরকারি মালিকানাধীন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে গড়ে তোলা হয়। পূর্বের ঘোষিত স্কিম অনুযায়ী সঞ্চয়ী হিসাব থেকে আমানত বীমা ট্রাস্ট তহবিলের আওতায় প্রথমে দুই লাখ টাকা এবং পরবর্তী প্রতি তিন মাসে এক লাখ টাকা করে তোলার নিয়ম ছিল। তবে নতুন এই বিশেষ উদ্যোগের আওতায় বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তায় আমানতকারীদের নির্ধারিত সীমার অতিরিক্ত টাকা তোলার সুযোগ সৃষ্টি হলো।
মতামত দিন